বাংলাদেশ থেকে টিকটকের ভিডিও অপসারণ কমেছে

২৬ অক্টোবর, ২০২৩ ১৩:২২  

দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে ৬৮ লাখ ৩৯ হাজার ১৩৪টি ভিডিও সরিয়েছে টিকটক

দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে ৬৮ লাখ ৩৯ হাজার ১৩৪টি ভিডিও সরিয়েছে টিকটককমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে শর্ট ভিডিওর জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৩) বাংলাদেশ থেকে আপলোড হওয়া ৬৮ লাখ ৩৯ হাজার ১৩৪টি ভিডিও অপসারণ করেছে টিকটক। অপসারিত ভিডিওর মধ্যে ৮৯.৮ শতাংশ ভিডিও সরানো হয়েছে কেউ দেখার আগেই। আর এক দিনের মধ্যে সরানো হয়েছে প্রায় ৯৪.৭ শতাংশ ভিডিও।

এর আগে বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৩)  ৪২ লাখ ৩৬ হাজার ৪৯৩টি ভিডিও সরিয়েছিলো টিকটক। যেসব ভিডিও সরানো হয়েছে তার মধ্যে ৯২ দশমিক ২ শতাংশ ভিডিও সরানো হয়েছে কেউ দেখার আগেই। আর এক দিনের মধ্যে সরানো হয়েছে প্রায় ৯৫ দশমিক ৩ শতাংশ ভিডিও। সে সঙ্গে এই প্রান্তিকে সক্রিয় অপসারণ করা হয় ৯৯ দশমিক ৫ শতাংশ ভিডিও।

জবাবদিহিতার মাধ্যমে আস্থা অর্জন, কমিউনিটির জন্য প্ল্যাটফর্মটিকে নিরাপদ করে তোলা এবং অনুকূল পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতির অংশ হিসেবে ভিডিওগুলো মুছে ফেলা হয়েছিলো। ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে একই কারণে সরানো হয়েছিল ৪২ লাখ ৫৪ হাজার ৬৬৭টি ভিডিও।

পরিসংখ্যান বলছে, প্রান্তিক ব্যবাধানে ভিডিও অপসারণ বেড়েছে ২২ লাখের মতো। তবে শতকরা অনুপাতে কেউ দেখার আগেই ভিডিও অপসারণ হার কমেছে। অবশ্য অনুশাসন দৃঢ় হওয়ায় কমিউনিটি গাইডলাইন অনুযায়ী টিকটকে এখন আগের চেয়ে ভালো মানের ভিডিও বেশি আপলোড হচ্ছে।

টিকটকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট অনুযায়ী, এই প্রান্তিকে প্রতিরোধমূলক ভিডিও অপসারণের হার ছিল ৯৯.৪ শতাংশ। এছাড়া, ১৩ বছরের কম বয়সী প্ল্যাটফর্ম ইউজার হওয়ার সন্দেহে এবং তরুণদের নিরাপত্তার জন্য অ্যাকাউন্ট সরিয়েছে টিকটক। বিশ্বজুড়ে এমন ১ কোটি ৮৮ লাখ ২৩ হাজার ৪০টি অ্যাকাউন্ট সরানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে নিজেদের প্ল্যাটফর্ম থেকে মোট ১০ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৩২টি ভিডিও সরিয়েছে টিকটক। যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা সকল ভিডিওর প্রায় ০.৭ শতাংশ । এর মধ্যে, ৬ কোটি ৬৪ লাখ ৪০ হাজার ৭৭৫টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হয়েছে।অন্যদিকে, ৬৭ লাখ ৫০ হাজার ২টি ভিডিও যাচাই-বাছাই করে প্ল্যাটফর্মে পুনরায় রাখা হয়েছে। আর প্রথম প্রান্তিকে ৯ কোটি ১০ লাখ ৩ হাজার ৫১০টি ভিডিও সরিয়েছিলো টিকটক। তখন এই অংকটি ছিলো টিকটকে আপলোড করা ভিডিওর প্রায় ০.৬ শতাংশ। এই ভিডিওগুলোর মধ্যে ৫ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৯১১টি ভিডিও সরানো হয়েছিলো অটোমেটেড সিস্টেমের মাধ্যমে।

কমিউনিটি গাইডলাইন রক্ষা করার পাশাপাশি, সক্রিয়ভাবে স্প্যাম অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট কনটেন্ট বিশ্লেষণ করে এই উদ্যোগগুলো নিয়েছে। ভুল তথ্যের প্রচার রোধে এবং অনলাইনে নিরাপত্তা বজায় রাখতে টিকটকের অবস্থান প্রতিবেদনটিতে উঠে এসেছে।